জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় সোমবার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইজিবাইকযোগে পরিবহনের সময় নোয়াপাড়া এলাকায় দুটি অটো আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বায়জিদ (২৭) নামক এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন, কেন্দুয়া উপজেলার নওপড়া ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। তবে অভিযানে সংশ্লিষ্টদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে কাউকেই জরিমানা করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জুয়া, অবৈধ বালু বা মাটি উত্তোলনসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের তৎপরতা চলমান থাকবে।
পড়ুন : সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা


