চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে গভীর রাতে একটি বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি কিছু মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত একটি ফ্রেমও ভেঙে ফেলা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে এমন কোনো আলামত পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ছনহরা এলাকার বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গভীর রাতে কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসে থাকা প্লাস্টিকের চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়। একটি স্ট্যান্ড ফ্যান, কয়েকটি প্লাস্টিকের চেয়ার এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপির দাবি, ভাঙচুরের সময় একই ফ্রেমে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ছনহরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস মিয়া বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, “গভীর রাতে দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের ভাঙচুরের খবর পেয়েছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
অভিযোগকারী মো. ইদ্রিস মিয়া বলেন, “দুর্বৃত্তরা গভীর রাতে অফিসের তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে। অফিসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত একটি ফ্রেমও ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি চেয়ার-টেবিল ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু মালামাল নিয়ে গেছে।”
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বিএনপি কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন : আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ


