তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দারা। বিদ্যুতের সংকট নিরসন, ঘনঘন লোডশেডিং বন্ধ এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে আজ বুধবার (১ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় মির্জাপুর জোনাল বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা।
জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর জোনাল বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে কয়েকশ’ গ্রাহক অফিস ঘেরাও করে বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
এ সময় বিক্ষোভকারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অঘোষিত লোডশেডিং বন্ধ এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি জানান। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মোখলেছুর রহমান জানান,জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের অভিযোগ ও দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
বিক্ষোভকে কেন্দ্র করে জোনাল বিদ্যুৎ অফিস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পড়ুন : কাতারে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদল, তবুও আলোচনা নিয়ে ধোঁয়াশা
সা/


