সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বাহিনীর বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১ জুলাই) ঢাকা জেলার পুলিশ সুপার এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শামীমা পারভীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া তথ্য ছড়িয়ে দ্রুত ভাইরাল করা হচ্ছে।
অ্যাসোসিয়েশনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ বাহিনী নতুন উদ্যমে কাজ শুরু করে। কিন্তু বাহিনীর পেশাদারিত্ব, জনসেবা ও কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অপপ্রচারকারী চক্রটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে সমন্বিতভাবে গুজব ও মিথ্যা তথ্যসম্বলিত পোস্ট ছড়িয়ে দ্রুত তা ভাইরাল করছে। বিশেষ করে অতীতে বৈষম্যের শিকার হওয়া যেসব দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তা বর্তমানে দুর্নীতি, অপরাধ ও অনিয়ম দমনে কঠোর অবস্থান নিয়েছেন, তারাই এসব অপপ্রচারের প্রধান লক্ষ্যবস্তু। এর উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের নতুন উদ্যমে কাজ করার পরিবেশ নষ্ট করা এবং বাহিনীর কার্যক্রম ব্যাহত করা।
আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধেও একটি গভীর ষড়যন্ত্র। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু করেছে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা প্রতিহত করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে আরও দৃঢ়ভাবে আইন প্রয়োগে কাজ করবেন।
পড়ুন: কাল থেকে এইচএসসি পরীক্ষা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা
আর/


