জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বুধবার (১ জুলাই) নেত্রকোনার বিভিন্ন উপজেলায় ভাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, মাদকসেবীর কারাদণ্ড, অবৈধ দোকান উচ্ছেদ এবং মৎস্য ও ট্রাফিক আইনে জরিমানা আদায় করা হয়।
মিডিয়া সেল ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টায় দুর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মৎস্য সংরক্ষণ জোরদারকরণে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলার ঝানজাইল বাজার থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।
এ সময় বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই অভিযানে লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য বিক্রি করার অপরাধে ‘মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০’ অনুযায়ী আল-ইমরান (২৮) নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে মাদক (ইয়াবা) সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
এছাড়া আজ দুপুর ১২টায় জেলা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে রাস্তার দুপাশের অবৈধ দোকানসমূহ উচ্ছেদ করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে অবৈধভাবে পার্ক করা সিএনজিগুলো সরিয়ে দেওয়া হয়। এ সময় গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী দুটি মামলায় দুজনকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অবৈধ পার্কিংয়ের ব্যাপারে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জুয়া ও অবৈধভাবে বালু-মাটি উত্তোলনসহ সব ধরণের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জেলাজুড়ে মোবাইল কোর্টের এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী


