ঢাকা-আরিচা মহাসড়কে গভীর রাতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হলেও প্রাইভেটকারের চালক পালিয়ে যান। জব্দ করা হয়েছে গাঁজা বহনকারী প্রাইভেটকারটি।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকার জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি চলন্ত প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৪২ কেজি গাঁজাসহ মো. মাসুম ও মো. সোয়েব শেখকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা কুমিল্লা থেকে পাইকারিভাবে গাঁজা কিনে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অধিক জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে। আটক মাসুমের বিরুদ্ধে আগে একটি ছিনতাইয়ের মামলাও রয়েছে।
প্রাইভেটকারের চালক সম্পর্কে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “তল্লাশির সময় চালক দৌড়ে পালিয়ে যায়। আমাদের মূল লক্ষ্য ছিল অপরাধীদের আটক ও মাদক উদ্ধার। পলাতক চালকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, নেত্রকোনায় ৩ দিনব্যাপী কর্মসূচি
দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন
ইমি/


