গ্রামীণ জনপদের শান্ত বিকেল। রাস্তার ধারে হোটেলের সামনে আপন মনে খেলছিল ছয় বছরের এক অবুঝ শিশু। কিন্তু সেই খেলার ছলেই যে একটি ঘৃণ্য অভিযোগের সূত্রপাত হবে এবং তা নিয়ে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হবে, তা হয়তো কেউ ভাবেনি। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে ছয় বছরের শিশুকে হোটেলের রান্নাঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ঘটনাটি জানার পরও হোটেল মালিক তা গোপন রেখেছেন- এমন পাল্টা অভিযোগ এবং হোটেল মালিকের দাবি ঘিরে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিক গনু মিয়াকে থানায় নিয়ে গেছে পুলিশ। এর আগে ঢাকা থেকে ফিরে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুটির বাবা শহিদ মিয়া।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে গনু মিয়ার হোটেলের সামনে খেলছিল শিশুটি। অভিযোগ অনুযায়ী, এ সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি শিশুটিকে ডেকে হোটেলের পেছনের দরজা দিয়ে ভেতরে রান্নাঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।
বাড়ি ফিরে শিশুটি তার মা বাকেরা বেগমকে পুরো বিষয়টি জানায়। মায়ের দাবি, ওই অজ্ঞাত ব্যক্তি এর আগেও শিশুটিকে একই কায়দায় হোটেলের রান্নাঘরে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করেছে। শিশুটির ভাষ্যমতে, হোটেল মালিক গনু মিয়া পুরো বিষয়টি জানতেন। জানার পরও তিনি তা গোপন রেখেছেন বলে অভিযোগ তোলেন শিশুটির মা।
ঘটনার দিন শিশুটির বাবা শহিদ মিয়া জীবিকার তাগিদে ঢাকায় শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। ফলে শিশুটির মা বাকেরা বেগম তাৎক্ষণিকভাবে বিষয়টি তার ভাই আবুল বাশারকে জানান। আবুল বাশার হোটেল মালিক গনু মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগটি সরাসরি অস্বীকার করেন। উল্টো নিজেকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে দাবি করে গনু মিয়া নিজেই এলাকাবাসীকে বিষয়টি জানান।
পরবর্তীতে এ নিয়ে গ্রামে সালিশ বৈঠক বসলেও অভিযুক্ত সেই অজ্ঞাত ব্যক্তির কোনো হদিস বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার শিশুটির বাবা ঢাকা থেকে গ্রামে ফিরে সরাসরি আইনের আশ্রয় নেন এবং থানায় লিখিত অভিযোগ জমা দেন।
পুরো ঘটনাটি এখন দুটি পরস্পরবিরোধী দাবির ওপর দাঁড়িয়ে আছে। একদিকে অবুঝ শিশুর জবানবন্দি ও মায়ের অভিযোগ, অন্যদিকে হোটেল মালিক ও স্থানীয় কয়েকজনের ভিন্ন বক্তব্য।
আটককৃত হোটেল মালিক গনু মিয়ার দাবি, তাকে ফাঁসাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক সাজানো হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি জানান, তার হোটেলে তিনি ছাড়া অন্য কোনো কর্মচারী কাজ করেন না। ঘটনার দিন বিকেল ৪টার দিকে হোটেলটি তালাবদ্ধ করে তিনি পাশের মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন। বন্ধ হোটেলে অজ্ঞাত কারও পক্ষে ভেতরে ঢুকে এমন ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয়।
গনু মিয়ার দাবির সাথে সুর মিলিয়েছেন স্থানীয় বাসিন্দা মজনু মিয়া ও ইনসান মিয়া। তাদেরও দাবি, ঘটনার দিন বিকেল ৪টার দিকে গনু মিয়ার হোটেলটি বন্ধই ছিল। হোটেল বন্ধ থাকলে পেছনের দরজা দিয়ে অজ্ঞাত ব্যক্তি কীভাবে ভেতরে প্রবেশ করল, তা নিয়ে সাধারণ মানুষের মনেও নানা প্রশ্নের জন্ম হয়েছে।
স্পর্শকাতর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগ পাওয়ার পরপরই হোটেল মালিক গনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযোগে উল্লিখিত অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা দ্রুত এজাহার (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হবে।”
সত্যিই কি কোনো অপরাধী হোটেলের আড়ালে শিশুটির ওপর পাশবিকতার চেষ্টা চালিয়েছে, নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে হোটেল মালিককে ফাঁসানোর চেষ্টা চলছে- পুলিশের নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমেই এখন সেই প্রকৃত সত্য বেরিয়ে আসার অপেক্ষায় মাসকা গ্রামের সাধারণ মানুষ।
পড়ুন : কালিয়াকৈরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


