নদের পানি বাড়ছে, বাড়ছে ভাঙনের তীব্রতা। এতে প্রতিদিন নদগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চর, নামাপাড়া, উজান নওপাড়াসহ নদের তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি ও বসত ভিটাসহ বাড়িঘর। এলাকাবাসির এমন খবরে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শুক্রবার বিকালে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চর নামাপাড়া এলাকার ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় ক্ষতিগ্রস্থরা নদ ভাঙনের ভয়াবহতার বিবরণ তুলে ধরে বলেন, প্রতি বছরই নদ ভাঙছে, এতে নদগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসত ভিটা, বাড়ীঘর ও শত শত একর ফসলি জমি| নিঃস্ব হয়ে পড়ছে মানুষ| অবিলম্বে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে আরো অনেক ফসলি জমি ও বসত ভিটা হারিয়ে নিস্ব হয়ে পড়বে।
স্থানীয় আব্বাস উদ্দিন জানান, চলতি বছরে সম্প্রতি নদের পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমপক্ষে ৩০টি বসত ভিটা ও বাড়ীঘর নদগর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে ভাঙনের কবলে রয়েছে আরো প্রায় অর্ধ শতাধিক বসতভিটা এবং ফসলি জমি ও বাড়িঘর।
পরিদর্শনকালে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু নদ ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের দায়িত্বশীলদের আলোচনা করে পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দেন।
এর আগে স্থানীয় মরিচার চর নামাপাড়া মসজিদে স্থানীয়দের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ সময় মুসল্লীদের উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলতে কাজ করছে সরকার| এজন্য ছেলে-মেয়েদের লেখাপড়ায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
মাদক এবং জুয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে এই সংসদ সদস্য আরো বলেন, বর্তমান সমাজে জুয়া এবং মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। এসবের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহবায়ক হীরা, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার
সা/


