‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে জুলাই স্মৃতি স্মারক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে এই স্মৃতি স্মারক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।
এরপর শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, যে কারণে এতো মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান।
এ সময় সঞ্চালক জানান, অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধি হিসেবে কয়েকজন স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই স্মৃতি পরিবারের সব সদস্যের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ে সেগুলো প্রত্যেক শহীদ পরিবার ও জুলাই আন্দোলনের আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।
পড়ুন : আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার
সা/


