পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহাবুব ব্যাপারি পা পিছলে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল ১০টার দিকে ট্রলারটি সাগরের উদ্দেশ্যে ছাড়ার সময় হঠাৎ মাহাবুব ব্যাপারি নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। পরে খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরবর্তীতে নৌপুলিশ ও বরিশাল থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।
দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বিকেল ৬টার দিকে ডুবুরি দল জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারসংলগ্ন বলেশ্বর নদী থেকে মাহাবুব ব্যাপারির মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : স্ত্রী ছেড়ে গেছেন, শিকলবন্দি আজম আলীর চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন


