প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে, পেনাল্টি থেকে। তার গোলে জয় নিশ্চিত করে শেষ আটে পা রাখে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ফ্রান্স। এমবাপ্পে ও ওলিসদের একের পর এক আক্রমণে চাপে পড়ে প্যারাগুয়ের রক্ষণভাগ। তবে প্রথমার্ধে শতভাগ বল দখলে রাখলেও গোলের দেখা পায়নি ফরাসিরা। প্যারাগুয়ের সংগঠিত ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হয়ে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামেন দেজিরে দুয়ে। মাঠে নেমেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি আদায় করেন তিনি।
সেই পেনাল্টি থেকেই ঠান্ডা মাথায় গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলসংখ্যায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেন তিনি—দুজনেরই গোল এখন সাতটি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির ২০ গোলের চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে (১৯)।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। শেষ দিকে তারা বেশ কয়েকটি আক্রমণ গড়ে তোলে। অন্যদিকে ফ্রান্সও ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে, তবে প্যারাগুয়ের গোলরক্ষক গিল তা রুখে দেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স, আর প্যারাগুয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয় শেষ ষোলোতেই।
পড়ুন: কোয়ার্টার ফাইনালে মরক্কো, ৩-০ তে হারলো কানাডা
আর/


