বরগুনার তালতলীতে সংরক্ষিত বনে অনাধিকার প্রবেশ, গাছ কাটা এবং বনভূমির ক্ষতি করার অভিযোগে দায়ের করা বন বিভাগের মামলায় ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ছকিনা বিট অফিসের আওতাধীন নিদ্রারচর ডিসি পয়েন্ট এলাকায় সংরক্ষিত বনের মধ্যে ইউপি সদস্য মোঃ শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেনসহ ৫ জন অনাধিকার প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে সংরক্ষিত বনের গাছ কেটে ফেলে সেখানে বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ২৬ এপ্রিল ছকিনা বিট কর্মকর্তা মাহিদুল ইসলাম জুয়েল বাদী হয়ে বন আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং– টেংরা-১, তারিখ: ২৬-০৪-২০২৬)।
রোববার (৫ জুলাই) মামলার আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ও ছকিনা বিট কর্মকর্তা মাহিদুল ইসলাম জুয়েল বলেন, সংরক্ষিত বনে অনাধিকার প্রবেশ করে গাছ কাটা, বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগে বন আইনে মামলা করা হয়েছিল। আজ আসামিরা আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পড়ুন : কালিয়াকৈরে শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষায় চাপ, ১২২ বিদ্যালয়ের ৩৩টিতে প্রধান শিক্ষক নেই


