গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকার সাইন্সল্যাব হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ সময় দুইজনকে কারাদণ্ড, তিনজনকে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়।
জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএমডিসি আইন, ২০১০-এর ৮ ধারায় ভূয়া ডাক্তার কাওসার আহমেদকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এসএম বুলবুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং হাসপাতাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত মাহাদি হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনজনের কাছ থেকে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে আরও জানা যায়, সাইন্সল্যাব হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের কোনো নিবন্ধন ছিল না। হাসপাতালটির পরিবেশগত ছাড়পত্রও ছিল না।
ল্যাবরেটরির মান নিয়ন্ত্রণে গুরুতর ঘাটতি পাওয়া যায় এবং একজন চিকিৎসকের প্রেসক্রিপশন অন্য চিকিৎসকের নামে ব্যবহার করার অভিযোগেরও সত্যতা মেলে।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করে দেয়।
পড়ুন : কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন


