পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণ পাড়া এলাকার ইসলাম মণ্ডলের ছেলে মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার মো. খবির ইসলামের ছেলে মো. বাঁধন ইসলাম (২৩) এবং একই এলাকার মো. আকবর মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন (৩০)।
র্যাব-১২, সিপিসি-২ (পাবনা) কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ (সিরাজগঞ্জ) এর অধিনায়কের নির্দেশনায় সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে বিদেশি পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি হাত চাপ ব্লেড, ১টি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : যুক্তরাষ্ট্রের সভ্যতা নেই, ইতিহাস নেই, সম্মানও নেই: ইরান
সা/

