ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২০২৬-২০২৭ অর্থবছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যার রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা । একই সঙ্গে এ সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেট পাস হয়। সোমবার বেলা ১২ টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ৩৫ কোটি ৭৪ লাখ, শিক্ষা খাতে ব্যয় ৪ কোটি ৬৫ লাখ, স্বাস্থ্য খাতে ব্যয় ৬ কোটি ৫০ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ, বিদ্যুৎ প্রকৌশল/সড়কবাতি খাতে ১১ কোটি, রাস্তা, ড্রেন ও হাটাবাজার নির্মাণে ১০ কোটি টাকা, খাল ও ড্রেন খনন কাজে ২ কোটি টাকা এবং উন্নয়ন হিসেবে ৬৭৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। বাজেট সভার পূর্বে বেলা ১১ টায় শাহাবুদ্দিন মিলনায়তনে মসিকের কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের সভার সিদ্ধান্তসমূহ দৃঢ়করণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, অবৈধ স্থাপনা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, জনকল্যাণমুখী কাজে নিজেদের আরও সম্পৃক্ত করে জনগণের সেবা করতে হবে। জনগণের নিরবচ্ছিন্ন সেবা যেন বিঘ্নিত না হয় সেদিকে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভালো অবস্থানে রয়েছে। তবে এসব কার্যক্রমে সার্বিক সফলতার জন্য জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। জনসচেতনতা নিয়ে নাগরিকদের এসব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। নগরজুড়ে এসব উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নাগরিকগণ ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে। খাল দখল উচ্ছেদ ও সংস্কারে উদ্যোগ গ্রহণের ফলে সাম্প্রতিক প্রবল বৃষ্টিতেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলকায় সেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
বাজেট ঘোষণার সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইমি


