চার্টারপ্রাপ্তির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে প্রতীকী বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের আওতাধীন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ যুব রেড ক্রিসেন্ট দল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. সুশান্ত কুমার রায়, দলনেতা রবিউল মোল্লা এবং দলের স্বেচ্ছাসেবকরা।
প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব না হওয়ায় প্রতীকীভাবে উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াছমিনের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, আবহাওয়া অনুকূলে এলে চারাগুলো কলেজ প্রাঙ্গণে রোপণ করা হবে।
এ সময় দলনেতা রবিউল মোল্লা ইউনিটের প্রতিষ্ঠা, চার্টারপ্রাপ্তির ইতিহাস এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে জানান, মানবতার সেবার লক্ষ্য নিয়ে ৩ ফেব্রুয়ারি ২০২১ সালে ইউনিটটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ৬ জুলাই ২০২২ সালে চার্টার নম্বর ঢা.জে.রে.ক্রি.ইউ/২০০৭৬ এর মাধ্যমে দলটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের সূত্রাপুর উপজেলার ২ নম্বর যুব রেড ক্রিসেন্ট দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন বলেন, রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে স্বেচ্ছাসেবকদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষসহ অন্যান্য প্রাণিকূলের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বছরের চার্টারপ্রাপ্তির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “মানবতার সেবায়, সবুজের প্রত্যয়”।
পড়ুন:ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে
ইমি/


