২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে বুধবার (০৮ জুলাই) সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
জেলা প্রশাসক সুনামগঞ্জ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, শিক্ষক, দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা, নকল ও অসদুপায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা এবং নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন।
তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান এইচএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে নিয়মিত মনিটরিং ও প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে।
পড়ুন : ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ
সা/


