সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বুধবার (৮ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার ইয়ুথ ক্যামব্রিজ স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এটি সংস্থাটির সারাদেশব্যাপী চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো, নিয়মিত পরিচর্যা করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জানায়, তাদের ক্লাইমেট অ্যাকশন উদ্যোগের আওতায় নিয়মিতভাবে সারাদেশে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
পড়ুন:নীলফামারী ডোমারে ৭ গরু চুরি, চোর আতঙ্কে দিশেহারা সাধারন মানুষ
ইমি/


