কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এ প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে একটি মহিলা হেফজখানার দেয়াল ধসে ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ-৩ ব্লকে অবস্থিত খতিজাতুল মহিলা হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, টানা বৃষ্টি ও প্রবল ঝড়ের কারণে হেফজখানার একটি দেয়াল ধসে পড়লে সেখানে অবস্থানরত ৭ জন ছাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের উদ্ধার করে ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)।
আহতরা হলেন, আসরা (৯), বেগম জান (১৫) ও ফারেসা বিবি (১২)।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পড়ুন:মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’: দুর্গাপুরে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ
ইমি/


