বিজ্ঞাপন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শিশুপুত্র নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কপি নুর (৩০) ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ সলিম (১০)-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পেছনে স্ত্রীকে দায়ী করে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে ভোররাতে প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাটি দেখে ফেলায় দুই সন্তানকেও ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলে নিহত হয়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন