বিজ্ঞাপন

বন্যার পানিতে আটকে প্রসব যন্ত্রণা, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিরাপদে জন্ম নিল পুত্রসন্তান

চারদিকে থৈ থৈ বন্যার পানি। ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এমন সংকটময় মুহূর্তে প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন মিসবাহুল জান্নাত। স্বজনদের উৎকণ্ঠার মধ্যেই মানবিকতার হাত বাড়িয়ে দেয় ফায়ার সার্ভিস। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রাম থেকে পানিবন্দি ওই প্রসূতি নারীকে উদ্ধার করে লোহাগাড়া ফায়ার সার্ভিস। মিসবাহুল জান্নাত ওই এলাকার সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

লোহাগড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ জানান, পানিবন্দি প্রসূতি নারীর বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত লোহাগাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তিনি সহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মিসবাহুল জান্নাতকে নিরাপদে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তিনি একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, সকালে প্রসব বেদনায় কাতর এক পানিবন্দি নারীর খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হওয়ায় নিরাপদ প্রসব নিশ্চিত হয়েছে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

এদিকে টানা বৃষ্টি ও বন্যায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ডলু, টংকাবতী ও হাঙ্গর খালের পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে পৃথক স্থানে ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি, বিপাকে কৃষকেরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন