খুলনা জেলা কারাগারের দেয়াল টপকে ইমন মাঝি নামে এক হাজতি পালিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক বিকাল ৪ টা ৪৫ মিনিটে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
কারা সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া বন্দি মো. ইমন মাঝির পিতার নাম আবদুল মাঝি। তার বাড়ি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা, জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তিনি সেখানে বসবাস করতেন।
জানা যায়, ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫, দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারায় দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি। তিনি ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম। তিনি বলেন, “একজন হাজতি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। তাকে দ্রুত কারাগারে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
হাজতির পলায়নের ঘটনায় কারাগার কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে একজন হাজতি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দেয়াল টপকে পালাতে সক্ষম হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক হাজতিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : গাংনীতে পৃথক স্থানে ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি, বিপাকে কৃষকেরা


