চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডিভাইডারে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেলসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন পাভেল (৩৫) ও বাবুল (৪০)। তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পটিয়া বাসস্টেশন থেকে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিবাস ছেড়ে যায়। বাসটিতে পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেলসহ কয়েকজন যাত্রী ছিলেন। সোহেল ইন্দ্রপুল এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে উপজেলার প্রবেশমুখে থাকা সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
আহত আবছার উদ্দিন সোহেল জানান, মিনিবাসটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।
পড়ুন : প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ করে শাস্তির মুখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সা/


