বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া গ্রামের মিঠন হাওলাদারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের তলা ফেটে ডুবে গেছে। তবে পাশে থাকা অন্য ট্রলারগুলোর সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা ১৬ জন জেলে।
শুক্রবার সকালের দিকে সাগরের হাইর এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করলে সেটি ধীরেধীরে ডুবে যায়। এ সময় কাছাকাছি অবস্থান করা অন্য ট্রলারগুলো দ্রুত এগিয়ে এসে ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করে। তবে ট্রলারে থাকা জাল, বরফ, জ্বালানি ও অন্যান্য মালামাল সাগরে ভেসে যায়।
ডুবে যাওয়া ট্রলারের মালিক মিঠন হাওলাদারের বাবা বাবুল হাওলাদার বিষয়টি বিকেল ৩টার দিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর তিনটি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ট্রলারটি কোড়ালিয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পড়ুন : শিশু ধর্ষণের অভিযুক্তের ফাঁসির দাবিতে চারঘাটে বিক্ষোভ-মানববন্ধন


