ইরানের জাতীয় অবকাঠামোতে যেকোনো ধরনের হামলার জবাবে ইসরায়েলকে কঠোর ও পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর। শুক্রবার (১০ জুলাই) মেহের নিউজের বরাত দিয়ে আনাদুলু এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
মোহাম্মদ বাকের জোলঘাদর বলেন, ‘আমাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। এসব অপরাধের জন্য দায়ী জায়নবাদী শাসনব্যবস্থা আমাদের যোদ্ধাদের পাল্টা হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না।’
গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর আগে, গত ১৭ জুন উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল। চুক্তিটির উদ্দেশ্য ছিল এপ্রিলের যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং চলমান সংঘাতের স্থায়ী সমাধানে আলোচনার পথ তৈরি করা। তবে সাম্প্রতিক উত্তেজনা সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে।
অন্যদিকে, ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র শুধু সামরিক স্থাপনাই নয়, বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে, যাতে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনের বিষয়টি আড়াল করা যায়।
ইরানের দাবি অনুযায়ী, রাজধানী তেহরান থেকে খামেনির জন্মশহর মাশহাদের মধ্যে সেতু ও রেল যোগাযোগ ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার মাশহাদে তাকে দাফন করা হয়।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।
এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
পড়ুন: নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
আর/


