চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম দাপুটে দল ফ্রান্স। ছয় ম্যাচে ১৬ গোল করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের দল। তবে এসব পরিসংখ্যান স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে বিচলিত করছে না। বরং তার দাবি, সেমিফাইনালের আগে ভয় পাওয়ার কথা ফ্রান্সেরই।
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর ফ্রান্সকে উদ্দেশ্য করে ইয়ামাল বলেন, ‘কাউকে ভয় পেতে হলে ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত। এর আগেও আমরাই তাদের বিদায় করেছি।’
ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য থেকেই আত্মবিশ্বাস পাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। সেই ম্যাচে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছিলেন ইয়ামাল।
পরের বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। নয় গোলের রোমাঞ্চকর সেই লড়াইয়ে স্পেন ৫-৪ ব্যবধানে জয় পায়। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন ইয়ামাল। এবার বিশ্বকাপের সেমিফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
ইয়ামালের ভাষায়, ‘আমরা কাউকে ভয় পাই না।’
ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে স্বীকৃতি দিলেও স্পেনকে কোনো অংশে পিছিয়ে দেখছেন না তিনি। তার মতে, এবারের বিশ্বকাপের সেরা দুই দলই স্পেন ও ফ্রান্স। তাই শুরু থেকেই এই লড়াইয়ের অপেক্ষায় ছিলেন তিনি।
বেলজিয়ামের বিপক্ষে গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও ম্যাচসেরার পুরস্কার জেতেন ইয়ামাল। তার তৈরি করা আক্রমণ থেকেই স্পেনের প্রথম গোলের সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর ৮৮ মিনিটের গোলে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় স্পেন।
নিজের প্রথম বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল। ছয় ম্যাচ খেলে বিশ্বকাপে ১৮ বছর বা তার কম বয়সী ফুটবলারদের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলার নতুন রেকর্ডও গড়েছেন তিনি। তবে গোলসংখ্যা কম হওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। ইউরো জয়ের আসরেও তিনি করেছিলেন মাত্র একটি গোল।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচ পরিকল্পনারও ইঙ্গিত দিয়েছেন ইয়ামাল। তার মতে, ফরাসিরা শারীরিকভাবে শক্তিশালী এবং সুযোগ পেলেই দ্রুত আক্রমণে ওঠে। তাই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে প্রতিপক্ষকে স্বাভাবিক ছন্দে খেলতে না দেওয়াই হবে স্পেনের লক্ষ্য।
সেমিফাইনালের আগের দিন ১৯ বছরে পা রাখবেন ইয়ামাল। জন্মদিনের পরদিনই এমবাপ্পেদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। নিজের আত্মবিশ্বাসে স্পষ্ট, বিশেষ এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পড়ুন: ব্রাজিলের বিদায়ে এবার ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
আর/


