সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তবে ঘটনার সময় ঠিক কী উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারিসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পড়ুন:বিয়ের ৮ মাসেই থেমে গেল সানজিদার স্বপ্ন, হত্যার পর সাজানো হয় আত্মহত্যার নাটক
ইমি/


