উৎসবমুখর পরিবেশে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেটেড) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত চেতনা তৈরিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মানসম্মত শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি, দায়িত্ববোধ এবং ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ২-১ গোলে ইসলামিক স্টাডিজ অ্যান্ড লিবারেল আর্টস (আইএসএলএম) বিভাগকে পরাজিত করে। ৪০ মিনিটের এই ম্যাচে জয় পায় সিএসই।
দিনের দ্বিতীয় ম্যাচে ইংরেজি বিভাগ ও ট্রিপল ই (ইইই) বিভাগের মধ্যকার খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। অন্যদিকে তৃতীয় ম্যাচে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ ২-০ গোলে সিএসই বিভাগকে পরাজিত করে।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে ১২ জুলাই বিকাল ৪টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগ এবং বিকাল ৫টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ মুখোমুখি হবে।
আগামী ১৪ জুলাই বিকাল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।
পড়ুন : কালিয়াকৈরে করুণী ফ্যাশনসের গার্মেন্টস শাখায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ


