চট্টগ্রামের পটিয়ায় মাদক, কিশোর গ্যাংসহ নানা অপরাধপ্রবণতা রোধে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটায় সামাজিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) রাতে স্থানীয় হেলাল মোল্লা জামে মসজিদ মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মো. ইব্রাহিম। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল হাশেম, আহমদ হোসেন, মিজানুর রহমান টিপু, মামুনুর রশিদ, সাংবাদিক রবিউল হোসেন, জসিম উদ্দীন, কায়ছার হামিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। সামাজিক ঐক্যের শক্তিই পারে এসব অপরাধ রুখে দিতে। মাদক, কিশোর গ্যাংসহ নানা অপরাধ রোধে সামাজিকভাবে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সামাজিক এ সভায় ভবিষ্যতে সামাজিকভাবে যেকোনো অপরাধ প্রতিরোধ এবং এলাকার উন্নয়নে একটি সামাজিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

