আষাঢ়ের টানা বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় এরই মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে রোববার (১২ জুলাই) সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে।
যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
এদিকে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পড়ুন: অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ
আর/


