দীর্ঘ প্রতীক্ষা, একাধিকবার ফল প্রকাশের সময় পরিবর্তন এবং আগাম ফল উন্মুক্ত হওয়া নিয়ে বিতর্কের পর অবশেষে প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করলে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখা যাবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
নীতিমালা অনুযায়ী, মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাচ্ছে।
বৃত্তি বণ্টনের ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক কোটা রাখা হয়েছে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং অবশিষ্ট ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি বরাদ্দ রয়েছে।
বর্তমান নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এছাড়া উভয় শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে এককালীন ২২৫ টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালীন দুই বছর তারা এ সুবিধা ভোগ করবে।
পড়ুন: টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী
আর/


