হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে মাধবপুর জাল বাজারের একটি গোডাউন থেকে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) ও ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপির সদস্য এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জনসম্মুখে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন


