গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চরম অব্যবস্থাপনা ও সংরক্ষণে অবহেলার অভিযোগ উঠেছে।
টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে অফিস ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ দলিল, বালাম বই ও সরকারি নথিপত্র ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদের বিভিন্ন স্থানে ফাটল, খসে পড়া প্লাস্টার ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে বৃষ্টির পানি অফিসের বিভিন্ন কক্ষে প্রবেশ করছে।
দীর্ঘদিন ধরে মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণেরও তথ্য পাওয়া গেছে।
বৃষ্টির পানিতে বহু দলিল, বালাম বই ও গুরুত্বপূর্ণ সরকারি নথি ভিজে গেছে। কিছু নথির লেখা অস্পষ্ট হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কাগজপত্র রক্ষায় অফিসের কর্মচারীরা ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে সেগুলো শুকানোর চেষ্টা করছেন।
কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান বলেন, টানা বৃষ্টিতে বহু মূল্যবান দলিল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দলিল এখনও বালাম বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া কিছু নথির লেখা মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, জরাজীর্ণ ভবনে গুরুত্বপূর্ণ সরকারি দলিল সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কালিয়াকৈরবাসীর স্বার্থে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণ করা জরুরি।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্টার মো. কামরুল হাসান বলেন, টানা বৃষ্টির কারণে কিছু মূল্যবান দলিল ও বালাম বই ভিজে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত নথিপত্র সংরক্ষণের জন্য ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে সেগুলো শুকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পড়ুন:সিরাজগঞ্জে রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন
ইমি


