সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সুন্দর আলী (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি হবিবনগর এলাকার ছমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) তাদের মধ্যে ঝগড়া হলে লুবনা বেগম তার বোনের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।
সোমবার দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী ঘর থেকে বাইরে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকিতে সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর থেকে স্ত্রী লুবনা বেগমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
পড়ুন : জয়পুরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের একজনের মৃত্যুদন্ড


