মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান মালয়ালাম অভিনেতা এসআই রাজশেখরন। রোববার (১২ জুলাই) কেরালার কোট্টায়ামের চিঙ্গাভানামে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিজ বাড়িতেই শান্তিপূর্ণভাবে মারা যান এই অভিনেতা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পরিবার বা ঘনিষ্ঠদের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন রাজশেখরন। বিশেষ করে খলনায়ক, পুলিশ কর্মকর্তা এবং চরিত্রাভিনেতা হিসেবে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল।
তার প্রকৃত নাম ছিল রাজশেখরন। তবে একের পর এক সিনেমায় সাব-ইন্সপেক্টর (এসআই) ও অন্যান্য পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে করতে নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায় ‘এসআই’। পরবর্তীতে এই নামেই তিনি মালয়ালাম সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন।
১৯৮০-এর দশকে অভিনয়জীবন শুরু করা রাজশেখরন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। পর্দায় তার দৃঢ় উপস্থিতি ও বাস্তবধর্মী অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।
মালয়ালামের খ্যাতিমান নির্মাতা জোশি পরিচালিত একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে মালয়ালাম সিনেমায় নিজের স্থায়ী জায়গা তৈরি করেছিলেন এসআই রাজশেখরন।
পড়ুন : কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ
সা/


