বিজ্ঞাপন

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।’

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চিন্তা করেছি, এমন অনেক উদ্যোক্তা আছেন, যাদের ব্যাংকের বিভিন্ন ঝামেলা, সিকিউরিটি বা কাগজপত্রের শর্ত পূরণ করতে হয়। যাতে তারা এসব সমস্যার মুখোমুখি না হন, সে জন্য একটি কমিটি করা হয়েছে। এতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। এটি একটি নিরপেক্ষ কমিটি, যারা বিষয়টি দেখবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, বাবার জমি বা সম্পত্তি দেখে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। কিছু বিকল্প ব্যবস্থাও রয়েছে, তবে তা যথেষ্ট নয়। যাদের ভালো স্টার্টআপ ধারণা আছে, কিন্তু জামানত নেই, তাদের ঋণ পাওয়া সহজ করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে সহায়তা দেওয়া হবে, সেটি জনগণের অর্থ। যদি সম্ভাবনা থাকে, তাহলে পুনরায় অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো হয় না। সে ক্ষেত্রে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সুযোগ পাবে।’

উল্লেখ্য, ডিজিটাল এ প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই জানতে ও গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

পড়ুন: এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন