শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার (১৪ জুলাই) এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা এ দাবি জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। এ সময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীদের একাংশ ঢাকা কলেজের সামনে এবং আরেকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান।
ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘আপস না, সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল। বাকি ছয়টি প্রশ্নও ছিল অত্যন্ত কঠিন, যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানের। তারা প্রশ্ন তোলেন, এ কারণে শিক্ষার্থীরা ফেল করলে তার দায়ভার শিক্ষামন্ত্রী নেবেন কি না।
আরেক শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। আবার অনেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। অনেকের অ্যাডমিট কার্ডও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘যিনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না, আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না। আমরা তার পদত্যাগ চাই।’
সায়েন্স ল্যাব থেকে পরে শিক্ষার্থীরা ভিসি চত্বরে যান। বেলা সোয়া ১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তারা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশও অবস্থান করে।
এদিকে, উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক সকাল থেকে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। উত্তরা ট্রাফিক বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা শহরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বেলা দেড়টা পর্যন্ত অবরোধ চলছিল।
পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি
আর/


