মেহেরপুরের গাংনীতে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর জেরে বিএনপি নেতাদের বাড়ির সামনে অবস্থিত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ গাংনী পৌর যুবলীগ। একই সঙ্গে নেতাদের বাড়ির সামনে কালো কালি দিয়ে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ লিখে রাখা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গাংনী পৌর এলাকার ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। লকডাউন করা শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে গাংনী মহিলা কলেজও রয়েছে। অপর শিক্ষাপ্রতিষ্ঠানটি বিএনপি নেতার বাড়ির নিকটবর্তী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বক্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে ক্ষুব্ধ কোনো পক্ষ রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রধান ফটকে তালা ও লকডাউনসংক্রান্ত পোস্টার দেখতে পান স্থানীয়রা। পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ির সামনে কালো কালিতে শেখ হাসিনার ফিরে আসার স্লোগান লেখা দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে সাঁটানো পোস্টারে গাংনী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাম উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে পোস্টারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাম উল্লেখ থাকলেও এ ঘটনার সঙ্গে গাংনী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে কিংবা কারা বিএনপি নেতাদের বাড়ির সামনে রাজনৈতিক স্লোগান লিখেছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতা, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন : সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ৩ দুর্বৃত্তের অগ্নিসংযোগ


