শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে “সাধারণ শিক্ষার্থী” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পটিয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা “এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”, “আমার ভাইয়ের অপমান, সহ্য হবে না”, “শিক্ষার্থীদের সম্মান রক্ষা করতে হবে”, “দাবি মানতে হবে, মানতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় মিছিলটি ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, এমন বক্তব্য শিক্ষার্থীদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ কারণে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী রবিউল হাসান, জাহিদুল করিম, মো. আফনান, মুবাসসের, আবরার আল আয়াশ, শাফায়েত শাফিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
সমাবেশ থেকে বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।
পড়ুন:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইমি/


