সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধের পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্রের পরিবর্তিত কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক ফৌজদারি বিচারব্যবস্থার মাধ্যমে মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে বাংলাদেশ সরকার দৃঢ় ও অবিচল অবস্থানে রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সদ্য প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ এ ধরনের গুরুতর আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
তিনি জানান, নতুন আইনটির সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা অপরিহার্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি অভিবাসী চোরাচালান দমন ও বিচারের জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে। এছাড়া তদন্ত ও বিচার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগও সম্প্রসারিত করা হয়েছে।
মানবপাচার ও অভিবাসী চোরাচালান মোকাবিলায় আধুনিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় পর্যায়ের এ অবহিতকরণ সভা নতুন আইন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এর বিভিন্ন দিক সম্পর্কে অভিন্ন ও সুস্পষ্ট ধারণা তৈরির সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইনটির মূল বিধান ও বাস্তবায়ন কাঠামো নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তদন্ত থেকে বিচার নিষ্পত্তি পর্যন্ত ফৌজদারি বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে সমন্বয় জোরদার এবং আইনটির কার্যকর প্রয়োগের বিভিন্ন অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়।
পড়ুন: উত্তরায় আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আর/


