শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণার পর বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে একদল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে ঢাকামুখী ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নেও ত্রুটি ছিল বলে অভিযোগ করেন তারা।
এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
পড়ুন: বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
আর/


