দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুদান গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম চেম্বারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ও সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের দায়িত্বশীল ভূমিকা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রশংসার দাবিদার।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যবসা-বাণিজ্য সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানো চট্টগ্রাম চেম্বারের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও জাতীয় প্রয়োজনের মুহূর্তে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

