নরসিংদীর রায়পুরা উপজেলায় কাকন নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। রায়পুরা থানার ওসি মো: মজিবর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে আবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮), বিল্লাল হোসেন এর মেয়ে সুমাইয়া(১০), নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে বড়কান্দা গ্রামে বাড়ির পাশে খালের পানিতে ৬জন শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে পানির তীব্র স্রোতে তারা তলিয়ে যেতে থাকে তারা। শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে খাল থেকে তাদের উদ্ধার করেন। উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আমেনা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিহতদের পরিবার এবং পুরো বড়কান্দা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুর আলম জানান, পানিতে গোসল করতে নেমে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়। পরে আমরা পরিক্ষা-নিরিক্ষা করে দেখি তারা মারা গেছে। বলা যায় তাদের আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই।
রায়পুরা থানার ওসি মজিবর রহমান বলেন, আজ দুপুরে স্থানীয় শিশুরা মেঘনার শাখা কাকন নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মাঝে একজন ঘটনাস্থলে মারা যায়। তিনজনকে হাসপাতালে মৃত ঘোষণা করেন।
পড়ুন: কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী


