সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাইয়ের আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিবাদের অবসান ঘটেছে।
তিনি বলেন, এই দিনটি দেশের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যাবে বলেও জানান তিনি।
আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের প্রেরণা হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনার মধ্য দিয়েই আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ ১ হাজার ৪০০ সাহসী যোদ্ধার আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।
পড়ুন: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য লাগবে ১ লাখ ডলার
আর/


