ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘N Hasan Hakib’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাঁকে এ ভিডিও কল করা হয়। এ ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি ও তাঁর দেওয়া বক্তব্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটের দিকে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে তাঁর হুয়ার্টসঅ্যাপ নম্বরে ভিডিও কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের আশঙ্কা, তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং তাঁর সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সিরাজুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সাধারণ ডায়েরি করে অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, এই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অপরাধী সনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পড়ুন : নেত্রকোনায় পুলিশ টিআরসি নিয়োগের ১ম দিন সম্পন্ন: শতভাগ মেধার আশ্বাসের বার্তা


