চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।
মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে জিডিটি করেন। এর জিডি নম্বর ৯০৫।
জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সূহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের (কলেজ কোড-৮০৭৪) ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। ফলে বর্তমানে তার সঙ্গে মাইলস্টোন কলেজের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং তিনি কলেজের পরিচয় ব্যবহারের আইনগত অধিকারও রাখেন না।
অভিযোগে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্রসংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী এবং উসকানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। কলেজের দাবি, তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী না হলেও কলেজের পরিচয় ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে।


