নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ঋষিপাড়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রথযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঋষিপাড়া হতে রথযাত্রা শুরু হয়ে বন্দরের রুপালী, বাবুপাড়া, বন্দর বাজার, খেয়াঘাট, আমিন আবাসিক এলাকা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঋষিপাড়া শ্রীশ্রী রক্ষা কালী মন্দিরে এসে শেষ হয়। রথযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। রথযাত্রা শেষে বিশেষ পূজা-অর্চনা, আরতি এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর উপজেলা সভাপতি শ্রী হরি সাহ’র সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রী অরুণ দেবনাথ। এছাড়াও ঋষিপাড়া শ্রীশ্রী রক্ষা কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সোনাকান্দা ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সদস্যরা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে ইসকনের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু


