নেত্রকোনা পৌরশহরে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামের এক তরুণ পোশাককর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌরশহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ছুটি পেয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন রিফাত। নিহতের মামা লিলু মড়ল জানান, রিফাত তার ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে করে মোহনগঞ্জের বাড়িতে আসছিল। শুক্রবার ভোরের দিকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা জানতে পারেন, রাজুর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে রিফাত মারা গেছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান ঘটনার বিবরণ দিয়ে জানান, চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে ওই তরুণ ছিটকে রেলপথের পাশের ডোবায় পড়ে যান। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহালের জন্য নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকমল জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশটি বুঝে নেওয়ার পর উদ্ধারকৃত স্থানেই রাখা হয়েছে এবং ময়মনসিংহ রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ তাদের হেফাজতে নেবে। মূলত রেলপুলিশই এ বিষয়ে ময়নাতদন্তসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম
সা/


