বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতনের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এর ফলে আগের দিনের মূল্যপতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এতে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা জোরালো হয়েছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়ছে।
মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার নেতিবাচক প্রভাব এশিয়ার পুঁজিবাজারেও দেখা গেছে। শুক্রবার লেনদেনের শুরুতেই জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ তিন শতাংশের বেশি কমে যায়। অন্যান্য আঞ্চলিক বাজারেও বিক্রির চাপ লক্ষ্য করা গেছে।
এদিকে একই দিনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দেশটির হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে এবং তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা
পড়ুন : দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা
সা/


