দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে অবশেষে মাঠের কর্মসূচিতে ফিরেছে পটিয়া ছাত্রদল।
শুক্রবার (১৭ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে বিকেলে পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের জ্যেষ্ঠ পুত্র ও তরুণ ছাত্রনেতা আঁকিবুল হক আঁকিব।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আঁকিবুল হক আঁকিব বলেন, “ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ ও আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।”
সভাপতির বক্তব্যে এস এম নয়ন বলেন, “বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ছাত্রদলসহ সকল গণতন্ত্রকামী শক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের আন্দোলন অব্যাহত থাকবে।”
স্মরণসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে উপজেলা গেটসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পটিয়া ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা থাকলেও জুলাই শহীদ দিবসের এই কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় ছাত্রদল আবারও প্রকাশ্যে মাঠের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
পড়ুন : বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী


